
কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
গ্রেপ্তার আসামির নাম সাকের আহম্মদ (৪৫)। তিনি টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া বড় ডেইল এলাকার নুরুল ইসলাম ও খালেদা বেগম দম্পতির ছেলে।
র্যাব-১৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ আগস্ট সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় জমজম স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাকের আহম্মদ দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।